নিবন্ধন ছাড়া সব অনলাইন বন্ধেও বাধা-বিপত্তি আছে : তথ্যসচিব
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন বলেছেন, আমাদের দেশের ডিজিটাল মিডিয়া মহাসমুদ্রের মতো। শুনতে পাই পানের দোকানদারও নাকি অনলাইন পত্রিকা খুলে বসেছেন। উপজেলায় একাধিক অনলাইন পত্রিকা রয়েছে। আমরা উদ্যোগ নিয়েছি নিবন্ধন ছাড়া সব অনলাইন বন্ধ করবো। এ বিষয়ে বিটিসিএল’কে বললাম। সেখান থেকে আমাদের জানানো হলো মাত্র ৫ থেকে ১০ শতাংশ ডোমেইন নেওয়া, বাকি সব বিদেশ থেকে নেওয়া। এখানেও বাধা-বিপত্তি রয়েছে।
শনিবার (১৩ আগস্ট) রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা কথা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ‘ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ২০২১’ খসড়া প্রবিধানমালা এবং তথ্য মন্ত্রণালয়ের ‘ওটিটি কনটেন্টভিত্তিক পরিষেবা প্রদান এবং পরিচালন নীতিমালা ২০২১’ খসড়া নিয়ে এফবিসিসিআই ‘দ্য নিড টু স্ট্রাইক দ্য রাইট ব্যালান্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। সেমিনারে এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক মাধ্যমের সঙ্গে জড়িত উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।